বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন বিতর্কে পাকিস্তানি স্পিনার উসমান তারিক

 টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নানা আলোচনায় পাকিস্তান ক্রিকেট দল। একদিকে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে নতুন করে বিতর্কে জড়িয়েছেন দলের স্পিনার উসমান তারিক। তার বোলিং অ্যাকশন নিয়েই এবার প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

ক্রিকেট ইতিহাসে অদ্ভুত ও ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের নজির নতুন নয়। অনেক সময় এমন অ্যাকশন ব্যাটারদের বিভ্রান্ত করে ফেলে। ঠিক তেমনই এক পরিস্থিতির মুখে পড়েন ক্যামেরন গ্রিন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত পাকিস্তান–অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।


ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার ঝড়ো ৭৬ রান এবং উসমান খানের ফিফটির ওপর ভর করে ১৯৮ রান সংগ্রহ করে। জবাবে আবরার আহমেদ ও শাদাব খানের স্পিন তোপে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৯০ রানের বড় জয়ে সাত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

এই ম্যাচে উসমান তারিক ২.৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ২টি উইকেট। তার করা ১১তম ওভারের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন ক্যামেরন গ্রিন। আউট হওয়ার পর মাঠ ছাড়ার সময় উসমানের বোলিং অ্যাকশন অনুকরণ করে দেখান গ্রিন, যা থেকেই স্পষ্ট বোঝা যায় তিনি অ্যাকশনে বিভ্রান্ত হয়েছিলেন। এমনকি ডাগআউটে গিয়ে কোচদের সামনেও তিনি বেসবল ছোড়ার ভঙ্গিতে উসমানের অ্যাকশন নকল করেন। যদিও কথোপকথনের বিস্তারিত জানা যায়নি, তবে চাকিংয়ের অভিযোগের ইঙ্গিত পাওয়া গেছে।

উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার সময় দু’বার তার বিরুদ্ধে সন্দেহজনক অ্যাকশনের অভিযোগ ওঠে। তখন আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে তাকে বায়োমেকানিক্যাল পরীক্ষায় অংশ নিতে হয়। লাহোর ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার বোলিংয়ে ফেরেন ২৮ বছর বয়সী এই অফস্পিনার।


নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে উসমান তারিক বলেন,

“আমার কনুইয়ের গঠনে প্রাকৃতিক কিছু সীমাবদ্ধতা আছে, যার কারণে হাত স্বাভাবিকভাবেই বাঁকানো দেখায়। আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। অনেকে মনে করে আমি হাত বাঁকাই, কিন্তু এটি সম্পূর্ণ জৈবিক বিষয়।”

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএল টি-টোয়েন্টিতেও তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ইংল্যান্ডের ব্যাটার টম ব্যান্টন। সে সময় উসমান বলেন, ক্রিকেট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলেই এমন অভিযোগ ওঠে। তার দাবি, কখনোই তাকে বোলিং অ্যাকশন পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়নি এবং তিনি আত্মবিশ্বাসী যে তিনি নিয়মবহির্ভূত কোনো ডেলিভারি করেন না।

আইসিসির বোলিং অ্যাকশন সংক্রান্ত নিয়ম অনুযায়ী, বল ছাড়ার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকলে সেটিকে অবৈধ হিসেবে গণ্য করা হয়। তবে কারও কনুই যদি প্রাকৃতিকভাবেই বাঁকানো হয়, সেক্ষেত্রে সেটি নিয়মের আওতায় পড়ে না।

এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে মাত্র তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন উসমান তারিক, যেখানে তিনি নিয়েছেন ৮ উইকেট। সব মিলিয়ে ৪১টি টি-টোয়েন্টিতে ৬.৭৯ ইকোনমিতে তার শিকার ৬৭ উইকেট।

No comments:

Powered by Blogger.