জামায়াত আমিরের টুইটার পোস্ট নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) মাইগ্রেনের কারণে শনিবার রাতে দ্রুত ঘুমিয়ে পড়ার পর রবিবার সকালে দেখেন, জামায়াত আমিরের টুইটার (এক্স) স্ট্যাটাস নিয়ে তার ইনবক্স বার্তায় ভরে গেছে।


রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ফেসবুকে নিজের স্ট্যাটাসে মোনামি লেখেন,“মাইগ্রেনের ব্যথার কারণে কাল রাতে আর্লি ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কী একটা অবস্থা। আপনারা একটু ধৈর্য ধরুন। আমার তো একটি সন্তান আছে, স্কুলে পাঠালাম। চাকরির জায়গায় যেতে হবে, সেখানেও ব্যস্ত থাকব।”

তিনি আরও জানান, দিনের কাজ—রান্না ও ঘরের কাজ শেষ করার পর ফেসবুক নিয়ে বসবেন এবং এরপর ব্যাখ্যা দেবেন, কেন এবং কে কী বলেছেন। মোনামি নিজের স্ট্যাটাসে লিখেছেন, “ততক্ষণ দয়া করে একটু ধৈর্য ধরে থাকুন। আমার কাছে জবাবদিহিতা ছাড়া আপনাদের দিনে-রাতে আর কোনো কাজ নেই।”

উল্লেখযোগ্য, শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। পরে সেই পোস্ট এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়।


জামায়াত উত্তর দিয়েছে, পোস্টটি সাইবার হামলার মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং এটি আসলে জামায়াত আমিরের নামে করা মিথ্যা বক্তব্য। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “সম্প্রতি ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যা জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করেছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, ওই পোস্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”

এ ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

No comments:

Powered by Blogger.